প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2026 ইং
মিনিয়াপোলিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশসহ কয়েকজন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি বহুতল আবাসিক ভবনে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিনিয়াপোলিসের ডাউনটাউন এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পর গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভবনে প্রবেশের পর পুলিশ সদস্যরা ওপরের একটি তলায় গুলির শব্দ শুনতে পান। সেখানে ধোঁয়াশার মতো একটি আবরণ থাকায় তাদের দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।
মিনিয়াপোলিস পুলিশের মুখপাত্র সার্জেন্ট গ্যারেট পার্টেন জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে পরে সেখানে আরও একজন মারা যান। নিহত দুইজনের পাশাপাশি সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাও আহত হন। তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনের পায়ে গুলি লাগে, আর অপরজনের অস্ত্রোপচার করা হয়। তৃতীয় কর্মকর্তার আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কর্মকর্তাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
ঘটনার পর মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ জনগণকে মিনেসোটার জন্য প্রার্থনা করার আহ্বান জানান। এদিকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, তদন্তে সহায়তার জন্য এফবিআইয়ের এজেন্টরা কাজ করছেন। ঘটনার কারণ ও বন্দুকধারীর পরিচয় সম্পর্কে তদন্ত চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা চ্যানেল