নিউজ বাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে মাদকের কারবার ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক কারবার এবং এর নিয়ন্ত্রণ নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি এবং অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন ব্যক্তি নুরুল ইসলামকে পূর্বপরিকল্পিতভাবে তার বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেখানে মাদকসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামের হাঁটুর নিচে এলোপাতাড়ি কোপানো হয় এবং তার পায়ের রগ কেটে দেওয়া হয়। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
পরে রাত ১২টার দিকে হামলাকারীরা গুরুতর আহত নুরুল ইসলামকে একটি সিএনজিতে (গাজীপুর-থ-১২-১১০১) করে তার বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তবে সিএনজিতে তোলার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।