নিউজ বাংলা ডেস্ক : দেশের সব স্থানীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একজন করে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকায় দলের একজন প্রার্থী থাকবেন। রাজশাহীতেও এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মিজানুর রহমান মিনু।
একক প্রার্থী মনোনয়নের বিষয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আলোচনা করেই বিষয়টি চূড়ান্ত করা হবে। বিএনপি নেতৃত্বকে যথাযথ সম্মান দিতে জানে উল্লেখ করে তিনি বলেন, দলের কাছে দেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মাদককে জাতির শত্রু আখ্যায়িত করে ভূমিমন্ত্রী বলেন, যারা মাদক নিয়ে আসে, বিশেষ করে এর মূল উৎসের সঙ্গে জড়িতদের পুলিশে ধরিয়ে দিতে হবে। এ বিষয়ে নতুন আইন করা হয়েছে বলেও জানান তিনি।
ভূমিদস্যুদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মিনু বলেন, তাদের উৎখাত করা হবে এবং জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কেউ মব সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান ভূমিমন্ত্রী।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন মিজানুর রহমান মিনু। এ সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।