নিউজ বাংলা ডেস্ক : লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণার পর আলবিসেলেস্তেদের সামনে এখন বড় প্রশ্ন—ঐতিহাসিক ১০ নম্বর জার্সির পরবর্তী উত্তরসূরি কে? সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা ও স্মৃতিময় একটি ভিডিও প্রকাশ করে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন রোজারিওর এই তারকা। তার বিদায়ের সঙ্গে আর্জেন্টিনা ফুটবলের একটি দীর্ঘ ও গৌরবময় অধ্যায়েরও সমাপ্তি ঘটল।
মেসি অবসরে যাওয়ার পর জার্সিটির নতুন মালিক কে হবেন, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো উত্তর নেই। আগামী আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা মাঠে নামার আগ পর্যন্ত এ নিয়ে অনিশ্চয়তা থাকার সম্ভাবনাই বেশি।
ঐতিহাসিক এই জার্সির সঙ্গে মেসির সম্পর্ক শুরু হয়েছিল ২০০৯ সালের ২৮ মার্চ। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেন তিনি। ম্যাচটিতে ৪-০ গোলের জয় দিয়ে জাতীয় দলে এই নম্বরের সঙ্গে তার দীর্ঘ যাত্রা শুরু হয়। এরপর থেকে জার্সিটি মূলত মেসির পরিচয়ের সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে যায়।
অবশ্য মেসি দলে না থাকলে বিভিন্ন সময়ে অন্য কয়েকজন ফুটবলারকে ১০ নম্বর জার্সিতে দেখা গেছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচের দ্বিতীয়ার্ধে এই নম্বরের জার্সি পরে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এর আগে চিলির বিপক্ষে পাওলো দিবালা এবং উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আনহেল কোরেয়া ১০ নম্বর পরে খেলেছেন। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের স্কোয়াডে এই তিনজনের কেউ ছিলেন না।
বর্তমান আর্জেন্টিনা দলেও এমন কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যারা ক্লাব ফুটবলে নিয়মিত ১০ নম্বর জার্সি পরেন। ইন্টার মিলানে লাউতারো মার্তিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোমায় নিকো পাস এই নম্বরের জার্সিতে খেলেন। এছাড়া রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসেরও নিজেদের ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে।
তবে মেসির জায়গা পূরণের বিষয়টি শুধু একটি জার্সির উত্তরাধিকার নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়। দলের মাঠের পারফরম্যান্স এবং সতীর্থদের ওপর তার যে প্রভাব ছিল, সেটির বিকল্প খুঁজে পাওয়া অনেক কঠিন। টানা দুটি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। উত্তর আমেরিকায় নিজের শেষ বিশ্বকাপ মিশন অবশ্য প্রত্যাশিতভাবে শেষ করতে পারেননি মেসি।
তার বিদায়ের প্রভাব আর্জেন্টিনার কৌশল ও ফর্মেশনেও পড়তে পারে। বিশ্বকাপে স্ট্রাইকারদের পেছনে কিংবা তাদের কাছাকাছি অবস্থানে খেলেছেন মেসি। এই ভূমিকায় কখনো লাউতারো মার্তিনেজ, আবার কখনো হুলিয়ান আলভারেজ ছিলেন তার আক্রমণভাগের প্রধান সঙ্গী।
জর্ডানের বিপক্ষে মেসি বদলি হিসেবে থাকা ম্যাচে লাউতারো ও আলভারেজকে একসঙ্গে আক্রমণভাগে খেলতে দেখা যায়। এই পরিস্থিতিতে আক্রমণভাগে দায়িত্ব পালন করা খেলোয়াড়দের মধ্য থেকেই কারও হাতে আর্জেন্টিনার বহুল কাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সি যাওয়ার সম্ভাবনা রয়েছে।