নিউজ বাংলা ডেস্ক : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সোমবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে ভ্যাপসা গরমের তীব্রতাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি ও মেঘের প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে সোমবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।