নিউজ বাংলা ডেস্ক : মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের আবারও পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বিশেষ অনুরোধের পর ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই দেশটিতে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ব্যবস্থায় কর্মীদের বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত কোনো খরচ বহন করতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ জিরো কস্টে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ প্রক্রিয়ায় কর্মীদের পাঠানোর দায়িত্ব পালন করবে। বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে প্রথম দফার কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ আবার শুরু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।