নিউজ বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের আমেরিকারাস হাই স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) স্কুলটির বেসবল মাঠের কাছে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ১৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
এল পাসো কাউন্টি শেরিফের কার্যালয়ের কমান্ডার জেরোম ওয়াশিংটন জানান, সকাল সাড়ে ৮টার দিকে বেসবল মাঠের কাছে ছুরি নিয়ে হামলার খবর পায় কর্তৃপক্ষ। আহত তিন শিক্ষার্থীর মধ্যে একজন মেয়ে ও দুজন ছেলে। একজনকে লক্ষ্য করে হামলা চালানো হলে তাকে রক্ষা করতে এগিয়ে এসে অপর দুই শিক্ষার্থীও আহত হয়।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনের অবস্থাই বর্তমানে শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।
হামলার পর নিরাপত্তার স্বার্থে স্কুলটিতে লকডাউন জারি করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করে জেলা পুলিশ। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনার প্রক্রিয়া চলছে।
তবে আটক কিশোরটি আমেরিকারাস হাই স্কুলের শিক্ষার্থী কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড জানিয়েছে, হামলার ঘটনায় অন্য শিক্ষার্থী ও কর্মীদের কেউ আহত হননি এবং তারা সবাই নিরাপদে আছেন। ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে।
হামলার কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে টেক্সাস রেঞ্জার্স ও স্থানীয় পুলিশ।