নিউজ বাংলা ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে, শনিবার সকাল ৬টায় ঢাকায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।