নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার, যিনি কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৭ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত জানায়।
এর আগে গত ৭ এপ্রিল দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী বছরের ৬ এপ্রিল পর্যন্ত তার দায়িত্ব পালনের মেয়াদ নির্ধারিত ছিল।
এদিকে গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তিনি দায়িত্ব পালন করবেন।