
নিউজ বাংলা ডেস্ক: ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে সহায়তা করা এবং দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সেবা সহজ করা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনে কাজ করে থাকে।
সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের দায়িত্ব ও মর্যাদা আরও সুসংহত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগকারীদের সেবা আরও কার্যকর করতে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।