
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন গণদাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য চার রুটে লং মার্চ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রুটের লং মার্চের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে কর্মসূচি সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে জোটটি।
এ কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিয়ে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে লং মার্চের বিভিন্ন রুট, পথসভা এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবি সামনে রেখে লং মার্চের কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের চারটি রুটে লং মার্চ আয়োজনের বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে লং মার্চের সম্ভাব্য রুট ও পথসভার স্থান সম্পর্কেও প্রশাসনকে অবহিত করা হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের খোলামেলা আলোচনা হয়েছে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। জনগণের সঙ্গে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রুটে লং মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা রয়েছে।
১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করাই তাদের লক্ষ্য। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার পাশাপাশি লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদেরও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হবে।
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈমসহ অন্য নেতারাও বৈঠকে অংশ নেন।
এর আগে গত ৬ আগস্ট ঢাকায় মহাসমাবেশের পাশাপাশি চার বিভাগে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।