নিউজ বাংলা ডেস্ক : নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রিসভার সদস্যরা আজ ২২ আগস্ট জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর ১টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তারা।
সাভারের কর্মসূচি শেষে ঢাকায় ফিরে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রিসভার সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা সুরা ফাতেহা পাঠ করবেন। পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।