নিউজ বাংলা ডেস্ক : ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। একপর্যায়ে বাংলাদেশের সামনে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৩ রান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রানে অলআউট হয়েছিল দলটি। তবে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড এখনো বাংলাদেশের নয়—১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
ম্যাকাইয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের পাঁচজনকেই ফিরিয়েছেন তিনি। মাত্র ২২ বলেই পূর্ণ করেছেন পাঁচ উইকেটের কোটা।
বলের হিসেবে দ্রুততম ফাইফারের তালিকায় স্টার্কের আজকের বোলিং ইনিংসটি রয়েছে পঞ্চম স্থানে। এই তালিকার শীর্ষেও আছেন তিনিই। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন অজি পেসার। সেই ম্যাচে ক্যারিবীয়রা অলআউট হয়েছিল ২৭ রানে।
বাংলাদেশের বিপদ শুরু হয় ইনিংসের প্রথম বলেই। স্টার্কের ফুল লেন্থের বল খেলতে গিয়ে সাদমান ইসলাম ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারের প্রথম দুই বলেই তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে রানের খাতা খোলার আগেই আউট করেন স্টার্ক। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি।
বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর ইনিংসের পঞ্চম ওভারে মমিনুল হককে ৯ রানে আউট করেন স্টার্ক। সপ্তম ওভারে লিটন দাসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই অস্ট্রেলিয়ান পেসার। লিটনও রানের খাতা খুলতে পারেননি।
এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। ৪২ বল খেলে বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ৫ রানে থামেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে ২১ রানেই বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন ঘটে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭ রান। মেহেদী হাসান মিরাজ ৯ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। তার সঙ্গে ক্রিজে আছেন হাসান মাহমুদ, যার সংগ্রহ ২ রান।