
নিউজ বাংলা ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে গেলে মেধার চরম অবমূল্যায়ন হবে এবং ঘুষ, স্বজনপ্রীতি ও জালিয়াতির সুযোগ বাড়বে। তারা অবিলম্বে প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে শিক্ষক নিয়োগের বর্তমান এনটিআরসিএভিত্তিক ব্যবস্থা বহাল রাখার দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, এনটিআরসিএকে আরও কার্যকর ও শিক্ষার্থী- ও মেধাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।