
নিউজ বাংলা ডেস্ক:এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে; কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি বিষয়ের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
একবার আবেদন ফি পরিশোধের পরও অতিরিক্ত বিষয়ের জন্য নতুন করে আবেদন করা যাবে। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে। একবার ফি জমা হয়ে গেলে আবেদন করা বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং পরিশোধিত অর্থও ফেরত দেওয়া হবে না।
পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। এরপর বিষয়ভিত্তিক ফলাফল থেকে পুনর্নিরীক্ষণের জন্য কাঙ্ক্ষিত বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
নির্ধারিত ফি পরিশোধ সম্পন্ন হলে পুনরায় আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল সোমবার সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
এসএমএসে ফল জানতে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে বার্তা পাঠানো যাবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে ‘SSC’ লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।