নিউজ বাংলা ডেস্ক : রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে গত সাত বছরের মধ্যে পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই উল্লেখযোগ্য অবনতি হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। একই সময়ে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।
গত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে এ পতন আরও স্পষ্ট। ২০২৫ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার ১৪ শতাংশেরও বেশি কমেছে। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ৫ হাজার ৭০০।
সাত বছরের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন। ২০২৩ সালে যথাক্রমে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২০২২ সালে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৪২ হাজার ৫২৭।
এর আগের দুই বছরেও পাসের হার ছিল তুলনামূলকভাবে বেশি। ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ পায় ২৯ হাজার ৭০৯ জন। ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৬৬৯ জন।