নিউজ বাংলা ডেস্ক : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৪৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, ১০ টাকার একটি নোট এবং মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশের অভিযানে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।