প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2026 ইং
মাদকমুক্ত যুবসমাজ গড়তে ক্রীড়াই হতে পারে বড় হাতিয়ার: ইশরাক
নিউজ বাংলা ডেস্ক : ক্রীড়ার প্রসারের মাধ্যমে যুবসমাজের মধ্যে ছড়িয়ে পড়া মাদক সমস্যা মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শুক্রবার (৭ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত টেপবল বিসিএল-২০২৬ গ্র্যান্ড ফাইনালে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মাঠ ও দর্শকদের জন্য তৈরি অস্থায়ী গ্যালারির প্রশংসা করে ইশরাক হোসেন বলেন, পুরো আয়োজনটি অনেকটা স্টেডিয়ামের পরিবেশ তৈরি করেছে।
ক্রীড়ার সঙ্গে জাতীয় পরিচয়ের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলার মাধ্যমে একটি দেশের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। এর উদাহরণ হিসেবে তিনি ১৯৭১ সালে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের কথা উল্লেখ করেন, যা মহান মুক্তিযুদ্ধেও ভূমিকা রেখেছিল।
প্রতিমন্ত্রী বলেন, দেশে একজন যোগ্য ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাতগুলোর একটি হলো ক্রীড়া। তার মতে, খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া মাদক সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। একই সঙ্গে ক্রীড়ার মাধ্যমে বিশ্বপরিসরে বাংলাদেশের পরিচিতি প্রতিষ্ঠার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলের কারণে বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। একইভাবে বাংলাদেশেরও বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে বিশ্ব দরবারে পরিচিতি তৈরি করা উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।