নিউজ বাংলা ডেস্ক : ডেঙ্গুর সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘের ঢাকার উত্তরা থানা শাখা। কর্মসূচির অংশ হিসেবে বাইলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, রোগটির বাহক এডিস মশার বিস্তার, আক্রান্ত হওয়ার লক্ষণ এবং প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ ও পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলোতে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মেহরান নিসান, সহসভাপতি সালসাবিল ও মমিতুজ্জামান, সাধারণ সম্পাদক ফারহান হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া হাসান এবং সদস্য সৌরভ রয়, জাবেদ হোসাইন, রাফসান, মাহিরসহ আরও অনেকে।
লিফলেট পাওয়ার পর শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও বন্ধুদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজকরা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতনতা তৈরি করা জরুরি। শিশুদের সচেতন করা গেলে তারা পরিবারেও স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে পারে।’