নিউজ বাংলা ডেস্ক : জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল সমন্বিতভাবে কাজ করলে অনেক সমস্যার কার্যকর সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তেলের সংকটের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, সরকার ও বিরোধী দল একযোগে পদক্ষেপ নেওয়ার পর জ্বালানি তেলের সংকট কেটে গেছে। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো তেল সরবরাহ করা হয়নি। তার মতে, এ ঘটনা প্রমাণ করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে অনেক সংকটের কার্যকর সমাধান করা সম্ভব।
তিনি বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অতীতে সংসদে মারামারি, হাতাহাতি এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সভ্য, গণতান্ত্রিক ও শালীন সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। কোনো ধরনের উসকানি এলেও তারা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার অবস্থানেই থাকবে।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তিনি দেখছেন না। কারণ হিসেবে তিনি বলেন, এত নির্যাতন, হত্যাকাণ্ড এবং মানুষের আহত হওয়ার ঘটনার পরও দলটির মধ্যে কোনো ধরনের অনুশোচনা দেখা যায়নি।
মতবিনিময়কালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ ও অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পরে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।