
নিজস্ব প্রতিবেদক :: সরকার ও বাংলাদেশ পুলিশকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দীন আহমদ।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পরে অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কার্যক্রম, নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা বর্তমান চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে বাংলাদেশ পুলিশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মোসলেহ উদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে।
তিনি বলেন, “সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পুলিশ সদস্যদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোতে বর্তমান কার্যনির্বাহী কমিটি ইতিবাচক ভূমিকা পালন করবে।
সভাটি পরিচালনা করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
এ সময় অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (এন্টি টেরোরিজম ইউনিট) মো. রেজাউল করিম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদসহ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।