নিউজ বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য ও বোস্টন শহরে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ বা ভারত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫০ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ জুলাই) ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি এবং বোস্টনের মেয়র মিশেল উ পৃথক ঘোষণাপত্রের মাধ্যমে দিনটিকে ‘ইন্ডিয়া ডে’ হিসেবে ঘোষণা করেন।
ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি জানান, রাজ্যটিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা ও প্রযুক্তিতে তাদের সাফল্যও ম্যাসাচুসেটসের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
মৌরা হিলি বলেন, ভারতীয়দের শ্রম ও উদ্ভাবনী চিন্তা ম্যাসাচুসেটসকে আরও সমৃদ্ধ করেছে। একই সঙ্গে তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ রাজ্যের বৈচিত্র্য আরও বাড়িয়েছে।
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের অবদানকেও সম্মান জানানো হয়েছে।