
নিউজ বাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ৫৩, মিরপুরে ১১৫, গুলশানে ৪৩ এবং উত্তরা বিভাগে ৫২ জন রয়েছেন। এ ছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১১ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন ও ১৩৫টি সিমকার্ড উদ্ধার করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের সিল ও স্বাক্ষরযুক্ত ৪১টি সিল এবং ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেডও উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮টি ইয়াবা, ৭০ লিটার দেশি মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।