
নিউজ বাংলা ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কার্যক্রম বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মনির আকনের একমাত্র মেয়ে লিজা আক্তারের (১৪) সঙ্গে রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সৌদি প্রবাসী রাজন মীরের বিয়ের আয়োজন করা হয়েছিল। লিজা গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বিয়ে বন্ধের পর কনের চাচা মানিক আকন ও এনায়েত আকনের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। এতে তারা অঙ্গীকার করেন, লিজা আক্তারের বয়স আইনগতভাবে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না।
এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি রোববার লিজা আক্তারকে নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বাল্যবিবাহের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।