
নিউজ বাংলা ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে সান্তিয়াগো বার্নাব্যুতে ধরে রাখতে নতুন ও উন্নত চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের বর্তমান চুক্তির শেষ ১২ মাস শুরু হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে তাকে দলে নিতে জোরালো আগ্রহ দেখিয়ে আসছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এই পরিস্থিতিতেই বেতন কাঠামো নিয়ে নিজেদের আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে রিয়াল।
নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা একপর্যায়ে থেমে গেলেও এবার ভিনিসিয়ুসের কাছে সংশোধিত শর্তের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জানা গেছে, ক্লাবের নতুন উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এখন তার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রিয়াল।
রিয়ালে ফিরে আসা প্রধান কোচ হোসে মরিনহিসহ ক্লাবের নীতিনির্ধারকেরা ভিনিসিয়ুস নতুন চুক্তিতে সম্মত হবেন বলে আশাবাদী। ক্লাব সূত্রের বরাতে জানা গেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার প্রত্যাশা করছে রিয়াল প্রশাসন।
তবে রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভিনিসিয়ুসকে দলে নিতে দেরি করবে না আর্সেনাল। গানারদের কোচ ইতোমধ্যেই আক্রমণের বাঁ প্রান্তের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন।
তিন বছর আগে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন ভিনিসিয়ুস, যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এরপর প্রায় ১৮ মাস ধরে নতুন চুক্তির বিষয়ে তার প্রতিনিধিদের সঙ্গে ক্লাবটির আলোচনা চলছিল। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে গত সোমবার রিয়ালের প্রাক-মৌসুম অনুশীলন ও শারীরিক পরীক্ষায় যোগ দিয়েছেন তিনি।
রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন ভিনিসিয়ুস। নতুন চুক্তিতে আর্থিক দিক থেকেও নিজেকে দলের ‘এক নম্বর তারকা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রত্যাশা রয়েছে তার। কিন্তু সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সময়ে ক্লাবের কঠোর বেতন কাঠামো বজায় রাখার নীতিই চুক্তি নিয়ে আলোচনার প্রধান বাধা হয়ে উঠেছিল।
তবে রিয়াল ছাড়ার বিষয়ে ভিনিসিয়ুসের অবস্থান বরাবরই ভিন্ন। একাধিকবার তিনি রিয়াল মাদ্রিদকে নিজের ‘স্বপ্নের ক্লাব’ হিসেবে উল্লেখ করেছেন এবং দীর্ঘ সময় মাদ্রিদের দলটিতে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন।