
নিউজ বাংলা ডেস্ক: দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা অ্যাকশন ও নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। ‘মাইসা’ সিনেমার শুটিং চলাকালে তার ডান হিপের একটি টেনডন ছিঁড়ে যায়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন।
কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার পর রাশমিকা নিজেই তার শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের আপডেট দেন। শেয়ার করা কয়েকটি ছবিতে তাকে ঘরে বসে পাজল মেলাতে, পোষ্যদের সঙ্গে সময় কাটাতে এবং শুভাকাঙ্ক্ষীদের পাঠানো উপহার উপভোগ করতে দেখা যায়।
দীর্ঘ এক বার্তায় অভিনেত্রী জানান, এটি তার টানা তৃতীয় ইনজুরি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, নিজের শরীরের প্রতি আরও যত্নশীল হওয়া প্রয়োজন।
রাশমিকার ভাষ্য অনুযায়ী, ডান হিপের টেনডন ছিঁড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলা ও পা ওঠাতে তার সমস্যা হচ্ছে। তিনি বলেন, ‘মাইসা’ এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও আগ্রাসী অ্যাকশনধর্মী সিনেমা। নাচের একটি দৃশ্যের শুটিংয়ের সময়ই এই দুর্ঘটনা ঘটে।
তবে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, ব্যথা থাকলেও তা সহ্যের বাইরে নয়। বরং এই সময়টিকে তিনি অনাকাঙ্ক্ষিত হলেও প্রয়োজনীয় বিশ্রামের সুযোগ হিসেবে দেখছেন। অবসরে তিনি পাজল সমাধান, পোষ্যদের সঙ্গে সময় কাটানো এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন।
রবীন্দ্র পুল্লে পরিচালিত প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার ‘মাইসা’ উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত হচ্ছে। নির্মাতাদের দাবি, ছবিটিতে ভারতের প্রথম নারী-প্রধান পানির নিচের অ্যাকশন সিকোয়েন্স দেখা যাবে। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।