দেশের মানুষের মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানের প্রবণতা বাড়লেও, অনেক সময় তা সরকারের কোষাগারে পৌঁছায় না, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ সেমিনারে তিনি বলেন, ‘ভ্যাটের সিস্টেমের মধ্যে কিছু দুর্বলতা আছে। সবাই মনে করে, সিস্টেমটা যেন খুব সহজ হয় এবং ভ্যাটের মাধ্যমে কোনো কারচুপি না হয়। কিন্তু আমাদের দেশে এটা দুঃখজনক যে, অনেক সময় ভ্যাট সরকারের কোষাগারে পৌঁছায় না।’
এ সময় তিনি আরো বলেন, ‘আমাদের দেশে ভ্যাট সিস্টেমের উন্নতির প্রয়োজন। মানুষ যখন ভ্যাট দেয়, তখন তা সঠিকভাবে সরকারী কোষাগারে পৌঁছাতে হবে।’
নতুন ভ্যাট সিস্টেমের আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে যেমন ভ্যাটের মাধ্যমে কেনাকাটা করা হয়, আমাদের দেশে সেভাবে যেন সবাই সম্মত থাকে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে, যেন তারা সঠিকভাবে ভ্যাট নেয়।"