মন্ত্রিসভা অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, পেনশনভোগীদের বর্তমান নিট পেনশনের ওপর ভিত্তি করে আলাদা আলাদা হারে এই বৃদ্ধি কার্যকর হবে। সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবার জন্য একই হারে এই সুবিধা প্রযোজ্য হবে না; পেনশনের পরিমাণ যত বেশি, বৃদ্ধির হার তত কম রাখা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকার ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকার ক্ষেত্রে ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।
বৃদ্ধির বিষয়টি উদাহরণে বুঝলে, বর্তমানে কোনো পেনশনভোগী মাসে ৯ হাজার টাকা নিট পেনশন পেলে ১০০ শতাংশ বৃদ্ধির পর তিনি পাবেন ১৮ হাজার টাকা। একইভাবে ২০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির ৭৫ শতাংশ বৃদ্ধির পর মোট পেনশন হবে ৩৫ হাজার টাকা।
৩০ হাজার টাকা নিট পেনশন পাওয়া ব্যক্তির ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধি হলে নতুন পেনশনের পরিমাণ দাঁড়াবে ৪৯ হাজার ৫০০ টাকা। আর বর্তমানে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির ক্ষেত্রে ৬০ শতাংশ বৃদ্ধির পর তা বেড়ে হবে ৬৪ হাজার টাকা।
এ ছাড়া যাঁদের বর্তমান নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাঁদের জন্য ৫৫ শতাংশ হারে পেনশন বৃদ্ধির বিধান প্রযোজ্য হবে।
নিউজ বাংলা চ্যানেল