ঢাকা | খ্রি.

চার দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং | Photo Card
চার দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁর মন্ত্রিসভার কোনো সদস্যের এটিই প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

রবিবার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী ১২ আগস্ট পর্যন্ত তাঁর এই সফর চলবে।

সফরসূচি অনুযায়ী, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ।

এ ছাড়া দেশটির শীর্ষ বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল পরিদর্শন করবেন তিনি। সিঙ্গাপুরের আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ানও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।

সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তাঁরা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের এই অবদানের স্বীকৃতি দিতে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

বর্তমান সরকারের পক্ষ থেকে এটি সিঙ্গাপুরে প্রথম উচ্চপর্যায়ের সফর। সংশ্লিষ্টদের আশা, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে।

বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স