নিউজ বাংলা ডেস্ক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য একটি ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশত্যাগের পর এটিই তার প্রথম প্রকাশ্য ভার্চুয়াল অংশগ্রহণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দিল্লিভিত্তিক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia) এ সভার আয়োজন করছে। আমন্ত্রণপত্রের বরাতে জানানো হয়, অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার সম্ভাব্য সময়সূচি নিয়ে বক্তব্য রাখতে পারেন।
এর আগে রয়টার্স এবং জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, মতবিনিময় সভার আলোচকদের তালিকায় সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, সন্ত্রাসবাদবিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সংগঠনটির যুক্তরাষ্ট্র পরিচালক শাহ মো. বখতিয়ারের নাম রয়েছে।
FCC South Asia এবং International Association of Press Clubs (IAPC)-এর সভাপতি ওয়ায়েল আউয়াদের সভাপতিত্বে সভাটি দিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে এবং ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্টের এই আয়োজনটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই আন্দোলনের পর শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।
বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, দুর্নীতি এবং মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
কিয়োডো নিউজকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বাংলাদেশে ফিরে আসব। আমি আদালতে হাজির হব। তারা আমাকে কারাগারে পাঠাতে পারে, এমনকি আমাকে ফাঁসিতেও ঝোলানোর চেষ্টা করতে পারে। আমি সেই ঝুঁকির কথা জানি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার সরকারবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর থেকে তাকে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি।
নিউজ বাংলা চ্যানেল